× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বহিরাগত হস্তক্ষেপের’ বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করে চীন : রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০২ পিএম

চীনের ৭৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : বাসস

চীনের ৭৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : বাসস

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে ও উন্নয়ন অর্জনের জন্য বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করে। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশকে সমর্থন করে। যাতে করে দেশটি অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে এবং উন্নয়ন ও পুনরুজ্জীবন অর্জন করতে পারে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চীনের ৭৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান।

চীনা রাষ্ট্রদূত বলেন, ’বাংলাদেশ ও চীন কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে এবং এর মাধ্যমে দুদেশের সম্পর্ককে এক উচ্চতায় উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার প্রশংসা করে।’

তিনি আরও বলেন, ’বাংলাদেশই প্রথম দক্ষিণ এশিয়ার দেশ, যারা বিআরআইতে যোগদান করেছে। বিআরআই বিগত সাত বছরে সোনালি বঙ্গোপসাগর অঞ্চলে ভিত্তি ও বিকাশ লাভ করেছে।’

রাষ্ট্রদূত বলেন, ’দুদেশের উন্নয়নের নতুন ঐতিহাসিক সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। উন্নয়ন কৌশলগুলোকে সমন্বিত করতে হবে, উচ্চমানের উন্নয়ন লক্ষ্য স্থির করে বিআরআই সহযোগিতা পরিচালনা করতে হবে। একে অপরের সম্পূরক ও পরিপূরক হিসেবে সংশ্লিষ্ট অর্থনৈতিক সুবিধাগুলো কাজে লাগাতে হবে।’

ইয়াও ওয়েন বলেন, ’আমরা অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, নতুন জ্বালানি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে পারি। যৌথ প্রচেষ্টায় আমরা অবশ্যই চীন জাতির মহান পুনর্জীবনের স্বপ্ন ও বাংলাদেশের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে পারব।’

তিনি বলেন, ’এক দশক ধরে চীন এই কূটনৈতিক নীতিমালা অনুসরণ করে চলছে এবং সক্রিয়ভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্ক গড়ে তুলেছে। চীন ও বাংলাদেশ কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গু জ্বরের বর্তমান বিস্তারের মতো পরিস্থিতিতে অভিন্ন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ’আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আমরা সব সময় আমাদের অভিন্ন স্বার্থ টিকিয়ে রাখতে একে অপরকে সম্মান করি, বুঝি ও সমর্থন করি।‘

অনুষ্ঠানে চীনের সিচুয়ান ওভারসিজ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কালচারাল এক্সচেঞ্জ মিশনের অভিনেতারা অ্যাক্রোব্যাটিকস, চীনা ক্যালিগ্রাফি এবং সিচুয়ান অপেরা পরিবেশন করেন।

চীন ও বাংলাদেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার অর্জন নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে এ বাইট অব সিচুয়ান, কালারফুল ইউনান, ইঙ্ক ওয়াশ ও রেড চায়নার থিম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা