প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫০ পিএম
নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালে সার্কভুক্ত দেশসহ অন্যান্য দেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলাবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালে কমিশন কী করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. আলমগীর বলেন, ‘আমরা চাই দেশি-বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করুক। কমিশনের নীতিমালা অনুযায়ী দেশি বিদেশি যেকোনো সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হতে আবেদন করতে পারবে। বিশেষ করে আমাদের আশপাশের যেসব দেশ আছে তাদের আমরা আমন্ত্রণ জানাব। সার্কভুক্ত দেশগুলোর আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে। অক্টোবরে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে।’
ইসি আলমগীর নির্ধারিত সময়ে নির্বাচনের বাধ্যবাধকতা বিষয় জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এটা না হলে দেশে খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটা তো নির্বাচন কমিশন হতে দিতে পারে না। ফলে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে।’
ভোটের আগে বিদেশি পর্যবেক্ষকেরা আসবেন কি না জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘আমরা তো আশা করি আসবেন। ইউরোপীয় ইউনিয়ন ছোট পরিসরে একটি দল পাঠানাোর কথা রয়েছে, তবে এটি চূড়ান্ত কথা নয়, তারা বড় দলও পাঠাতে পারেন। এ ছাড়াও পৃথিবীতে তো আরও অনেক দেশ রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া । এসব দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসতে পারেন।’
নির্বাচনে রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘সব দলই নির্বাচনের জন্য উন্মুখ, কোনো দল নির্বাচন চায় না এটা কিন্তু বলেনি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট আছে সেটা অস্বীকার করার উপায় নেই। তবে এটাও মানতে হবে তারা নির্বাচন চায়। ফলে আমরা সংবিধান অনুযায়ী যে শপথ নিয়েছি। সেই শপথ পূরণ করব।’