প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। প্রবা ফটো
যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে বলা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।’
পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না।’
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানে দায়ী ব্যক্তি বা এর সঙ্গে জড়িত তাদের ওপর ভিসা বিধিনিষেধ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরাও থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওই বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন ভিসা নীতির আওতায় কারা কারা পড়েছেন, তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে মিলার বলেছেন, যারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তাদের ব্যক্তিগতভাবে জানানো হবে। যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি তা তাদের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।