প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১২ পিএম
ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবস আজ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে প্রথম নারী শহীদ তিনি। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলীতে ইংরেজদের ওপর আক্রমণ ও সফল অভিযান শেষে ফেরার সময় তার শরীরে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।
প্রীতিলতা চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সময় প্রীতিলতা বেথুন কলেজের মেয়েদের মধ্যে একটি গোপন বিপ্লবী দল গড়ে তোলেন। মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেছিলেন।
বীরকন্যার আত্মাহুতি দিবস উপলক্ষে আজ প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় পটিয়ায় প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে কোটেশন প্রদর্শনী, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।