প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ফটো
সরকারের
নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে স্পিকার শিরীন শারমিন
চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের
প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি
বলেন, ‘লেনদেনের ভারসাম্য পরিস্থিতির
উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন
ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন
পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।’
সংসদে
অর্থমন্ত্রী সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে ডলারসহ অন্যান্য বৈদেশিক
মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে
পণ্য আমদানি নিশ্চিত করা, বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা
হচ্ছে। এ ছাড়া ৫ হাজার ডলারের বেশি প্রবাসী আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা
হয়েছে। পাইপলাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে।
জামালপুর-৫
আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রুগ্ন শিল্পের সমস্যা সমাধানের
জন্য ২০০৯ সালে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠিত হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী,
২০১০ ও ২০১২ সালে ২৭৯টি রুগ্ন গার্মেন্টস এবং ২০১১ ও ২০১৫ সালে ১০০টি রুগ্ন টেক্সটাইল
শিল্পের ঋণ বিলুপ্তের সার্কুলার জারি করে।’
ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে কৃষি ও পল্লী ঋণ খাতে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ আকারে বিতরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।’