প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩০ পিএম
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন শেষে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সফরের প্রথম দিন রবিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি। তার এ নৈশভোজে ছিল বাঙালি খাবারের বাহার। ফরাসি প্রেসিডেন্টও বাঙালির প্রিয় কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে পিঁয়াজু-সমুচার স্বাদ নিয়েছেন।
এ ছাড়া মাখোঁ চেখে দেখেছেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। মৌসুমি ফল আমড়ার জুসও পান করেছেন তিনি।
রাজধানীর একটি হোটেলে ফরাসি রাষ্ট্রপ্রধানের সম্মানে এ নৈশভোজে ১৬ পদের আয়োজন ছিল। এতে ছিল দক্ষিণ ভারতীয় একটি খাবারও।
নৈশভোজে অ্যাপেটাইজার ছিল স্মোকড ইলিশ, পিঁয়াজু ও সমুচা। রুটি আর মাখনের সহযোগে দেওয়া হয় দক্ষিণ ভারতীয় মাল্লিগাতওয়ানি কারি স্যুপ। ওয়েলকাম ড্রিংকসে ছিল আমড়ার জুস।
মেইন কোর্সে ছিল খাসির কাচ্চি বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগির কোরমা, রোস্টেড লবস্টার, টক বেগুনের তরকারি ও লুচি।
শেষপাতে ডেজার্টে পরিবেশন করা হয় পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা আর নানা রকম ফল। পানীয়তে ছিল ফলের রস, কোমল পানীয়, চা ও কফি।
বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন শেষ করে নয়াদিল্লি থেকে রবিবার রাতে ঢাকায় পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। রাত ৮টা ১০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মাখোঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট সদ্য চালু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে হোটেলে পৌঁছেন। কোনো বিদেশি অতিথি হিসেবে তিনিই প্রথম দ্রুতগতির এ উড়ালপথ ব্যবহার করলেন।
প্রায় তিন দশক পর বাংলাদেশ সফর করছেন কোনো ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে আসেন। ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এমানুয়েল মাখোঁ ঢাকা সফরে এলেন।