প্রবা পতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ এএম
ছবি : পিএমও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান মাখোঁ। এ সময় বাংলাদেশ সরকারপ্রধান তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকে বসেন দুই নেতা।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মাখোঁ।
বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই নেতার বৈঠকে রোহিঙ্গা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের বিষয়টিও প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবশেষে একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হতে পারে। এ ছাড়া দুপুর ১২টার দিকে ঢাকায় ফরাসি দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মাখোঁ। সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি। সফর শেষে বেলা আড়াইটার দিকে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।