কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৪ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৩ এএম
স্যার ফিলিপ রবার্ট বার্টন
দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমান্যান্ট আন্ডার-সেক্রেটারি স্যার ফিলিপ রবার্ট বার্টন। আজ (১১ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছবেন।
গতকাল রবিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, এ সফরে স্যার ফিলিপের প্রধান লক্ষ্য হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ, যাতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন।
যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারি গড়ে তোলার যে অঙ্গীকার, এ কৌশলগত সংলাপ তাই প্রতিফলিত করে।
জানা গেছে, সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক; অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারি, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
একই সঙ্গে এ সংলাপে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে এবং যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে।
ঢাকা সফরে ফিলিপ বার্টন রাজনীতিবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পারমান্যান্ট আন্ডার-সেক্রেটারি হিসেবে স্যার ফিলিপের এটিই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৮ সালে এফসিওর সাউথ এশিয়াবিষয়ক ডিরেক্টর পদে থাকালে বাংলাদেশে এসেছিলেন তিনি।