× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৭ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩০ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা

বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন শেষ করে নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ফরাসি প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমানুয়েল মাখোঁ বাংলাদেশে ১৯ ঘণ্টা অবস্থান করবেন। ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। 

২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে এমানুয়েল মাখোঁ ঢাকা সফরে আসলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ হাসিনার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজসভায় যোগ দেবেন মাখোঁ। এরপরই রাত ১০টার দিকে তিনি ধানমন্ডি লেক ও ব্রিজ ঘুরে দেখবেন। এরপর তিনি যাবেন বাংলাদেশের লোকজ সংস্কৃতির ধারক জলের গান ব্যান্ডের লিড ভোকালিস্ট রাহুল আনন্দের ওয়ার্কশপে। সেখানে শুনবেন রাহুল আনন্দের গান। পরে তিনি হোটেলে ফিরে যাবেন।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করবেন। 

পরে সকাল সোয়া ১০টার দিকে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে। সবশেষে দুদেশের একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হতে পারে। এরপর আধাঘণ্টা একান্তে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট। এ ছাড়া দুপুর ১২টার দিকে ঢাকায় ফ্রান্স দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সফর শেষে দুপুর ২টা ৩০মিনিটে ঢাকা ছাড়বেন তিনি। 

বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাও উপস্থিত থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা