প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৩ পিএম
প্রেসিডেন্ট জো বাইডেন মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন। ছবি : সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৯ সেপ্টেম্বর) প্রগতি ময়দানের ভারত মণ্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তারা একে অপরকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাসিমুখে কিছুক্ষণ কুশল বিনিময় করেন। এ সময় জো বাইডেন মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন।
প্রধানমন্ত্রীর কন্যা, ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। আমি তাকে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় বিদ্যালয় মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছি।’
তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও এসব ছবিতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার কন্যার সেলফির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবি শেয়ার করে পোস্ট দিতে দেখা গেছে রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে।
ভারতে এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠকও করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি নিবাস নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাকে স্যুভেনির উপহার দেন সায়মা ওয়াজেদ। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।