জি-২০ সম্মেলন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
ছবি : ফোকাস বাংলা
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটটি দিল্লির পালাম বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে অবতরণের কথা।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। দুই দেশের কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও টাকা-রুপিতে লেনদেন সুগম করার বিষয়ে এ তিনটি সমঝোতা স্মারক সই হবে।