প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৯ পিএম
পুরাতন বানিজ্য মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিএমও
যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও স্যাংশনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এই দেশ, এই মাটি আমাদের। আমরাই সবকিছু ঠিক করব।
দেশের প্রথম উড়াল সড়কের উদ্বোধন শেষে রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে আয়োজিত আওয়ামী লীগের সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা এই মাটি স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। কবির ভাষায় বলতে চাই, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে...। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।
তিনি আরও বলেন, ১৯৭৫ সাল থেকে ’৯৬ সালের জুন মাস পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কিছুই দিতে পারেনি। নিজেদের আখের গুছিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ তারা দিতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাগ্য তারা গড়তে চায়নি। স্বাধীন দেশ হিসেবে আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে দাঁড়াবে বাংলাদেশ, এটা কখনও তারা চায়নি।
সমাবেশে তিনি আরও বলেন, ২১ বছর পর ক্ষমতায় আসি আমরা, এরপর জনগণের সেবা করতে শুরু করি। বাংলাদেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করব সেই কাজ করার সুযোগ পেয়েছিলাম মাত্র পাঁচ বছর। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, সবকিছু আমরা উন্নত করেছিলাম। এরপর আবার চক্রান্ত, ২০০১ থেকে ২০০৮। ২৯টা বছর যারা ক্ষমতায় ছিল, কী দিয়েছে বাংলাদেশের মানুষকে তারা। কিছু দিতে পারেনি। তারা শুধু নিজেরা লুট করেছে, আখের গুছিয়েছে।