কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৭:১০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৭:২৭ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান জাকার্তায় যাবেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আগামী ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।