প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:২৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২১:৩৩ পিএম
নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি
কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পেনশনসহ বাড়তি যেসব সুবিধা প্রস্তাব করা হয়েছিল; তা যুক্তিযুক্ত ছিল না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। গত ২১ আগস্ট অনুমোদন পাওয়া নির্বাচন কমিশনারদের ‘পারিতোষিক ও বিশেষাধিকার আইন-২০২৩’-এর খসড়া প্রসঙ্গে সোমবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ইসি আলমগীর বলেন, ১৯৮৩ সালের অধ্যাদেশ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান এবং নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বিগত কমিশন (নূরুল হুদা কমিশন) পেনশনসহ বেশ কিছু সুযোগ-সুবিধা বাড়াতে চেয়েছিল। তারা আইন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত আইনের যে খসড়া পাঠিয়েছিলেন, সে বিষয়ে বর্তমান কমিশনের মতামত জানতে সেটি ফেরত পাঠানো হয়েছে। সেই খসড়ায় পেনশনের বিষয়টা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বর্তমান কমিশন তাতে একমত হয়নি। হুদা কমিশন নতুন যেসব সুযোগ-সুবিধা চেয়েছিল বর্তমান কমিশন বলেছে, সেগুলো যুক্তিযুক্ত নয়।
বর্তমান কমিশন যেসব প্রস্তাবের সঙ্গে একমত নয়, সেগুলো খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়ে ইসি আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশন আইনের ১৯৮৩ সালের অধ্যাদেশে নতুন করে সংযোজন-বিয়োজন হবে না। যা ছিলে তা-ই থাকবে। কেবল সামরিক আইনে যেগুলো বাতিল করা হয়েছে, সে অনুযায়ী সম্মানী ও ভাতা বিষয়টি কেবল বাংলা করে নেওয়া হয়েছে।