বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৯:৩৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৯:৫৭ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বছর ধরে কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার (২৮ আগস্ট) অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক অন্তর্বর্তীকালীন উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান এই আহ্বান জানান।
নাদিয়া রহমান বলেন, ‘বছরব্যাপী কারাভোগ ও খাদিজার জামিনের আবেদন বারবার প্রত্যাখ্যান বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। তার বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তার ডিগ্রির জন্য পড়াশোনা করতে হবে। সমালোচনামূলক কথার জন্য তাকে নির্বিচারে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খাদিজাসহ যারা নির্বিচারে বাংলাদেশে আটক আছেন, তাদের সবাইকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। খাদিজার মুক্তি না হওয়া পর্যন্ত তাকে নিয়মিত পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দিতে হবে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খাদিজার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন জোগাড় করতে এবং তার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে জরুরি পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাদিজাতুল কুবরাকে ২০২২ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করা হয়। তখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। গত এক বছরে তার জামিন হয়নি। এক বছর ধরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।