প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ২২:১১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৩:৪৬ পিএম
ফাইল ফটো
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোররাতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে এ্যানী রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পিরোজপুর সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার জানান, সংসদ সদস্য শেখ এ্যানী রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেত্রী। তিনি তার এলাকার উন্নয়নে সব সময়ই উদ্যমী ছিলেন।
প্রধানমন্ত্রী এ্যানী রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ্যানী রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
প্রবা/রাই/জেও