× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআই জালিয়াতি

মার্শাল অ্যাগ্রোকে কালো তালিকাভুক্ত, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২১:৫৫ পিএম

এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই। প্রবা ফটো

এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই। প্রবা ফটো

এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার রাতে (১৮ আগস্ট) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, মার্শাল অ্যাগ্রো সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানির দাবি করলেও সেখানকার প্রতিষ্ঠান তা অস্বীকার করেছে। পরে ১৪ আগস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয় ডিএনসিসি। তাদের চিঠির জবাবে বৃহস্পতিবার মর্শাল জানায়, বিটিআই তারা চীনের একটি কোম্পানির মাধ্যমে সরবরাহ করেছে।

কিন্তু মার্শাল অ্যাগ্রোভেটের এই ব্যাখ্যার সঙ্গে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। ফলে তাদের ব্যাখ্যা গ্রহণ করেনি সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিটিআই সরবরাহের ক্রয় আদেশও বাতিল করেছে ডিএনসিসি।

তা ছাড়া বিষয়টি তদন্তে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৭ আগস্ট এক অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ৫ টন বিটিআই আনার কথা জানিয়েছিল ডিএনসিসি। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে এর প্রয়োগও শুরু করে তারা। সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশসহ বেশ কয়েকটি গণমাধ্যমে বিটিআই আমদানিতে জালিয়াতির খবর প্রকাশ করা হয়। যেখানে সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট কেমিক্যাল লিমিটেড বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাদের উৎপাদিত কোনো বিটিআই সরবরাহ করেনি বলে জানিয়েছে। একই সঙ্গে ডিএনসিসির কর্মীদের প্রশিক্ষণ দিতে ৭ আগস্ট বেস্ট কেমিক্যালের যে প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়।

তা ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। এ-সংক্রান্ত একটি বার্তা কোম্পানিটির ফেসবুক পেজেও দেওয়া হয়। যেখানে প্রতারণামূলকভাবে তাদের নাম ব্যবহারের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এমন জালিয়াতির বিষয় সামনে আসার পর নানা মহলে সমালোচনা শুরু হয়। এর মধ্যে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা