× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনটি বাদে ৮ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২৩:৩৪ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ০১:০১ এএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট)। সাধারণ ৯টিসহ মোট ১১টি শিক্ষাবোর্ডে একযোগে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করা হয়েছে তিন বোর্ডের পরীক্ষা। ফলে আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫ হাজার ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- স্থগিত হওয়া এই তিন বোর্ডে ৩ লাখ ৫৩ হাজার ৪৮৬ শিক্ষার্থী পরীক্ষায় বসবে ২৭ আগস্ট থেকে।

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কারণ প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।’

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ পরীক্ষার্থী বেড়েছে। তবে প্রতিষ্ঠান কমেছে ১২টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ৯টি।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।

সাধারণত প্রতিবছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে গত কয়েক বছর তা সম্ভব হয়নি। করোনার কারণে ২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা