প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৮:৪২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৯:০৮ পিএম
আহ্ছানিয়া মিশনের সদস্যরা জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে। প্রবা ফটো
নিরাপদ সড়ক ও মাদক প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
শনিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ অ্যান্ড ওয়েলবিংয়ের প্রতিনিধি দল তার সঙ্গে রাজধানীর বনানীর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘মাদক এখন বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শহর ছাড়িয়ে এই মাদক পাড়াগাঁয়েও পৌঁছে গেছে। দেশের ৬৮ হাজার গ্রামের সবখানেই পাওয়া যায় মাদক। এমন একটি গ্রাম খুঁজে পাওয়া যাবে না, যে গ্রামে মাদকাসক্ত ব্যক্তি নেই। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা, সেটি মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই দুর্ঘটনার বেশি শিকার হচ্ছে তরুণরা। তাই মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যেমন প্রয়োজন উপযুক্ত আইন প্রণয়ন তেমনই প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন। পাশাপাশি স্বাস্থ্যের অন্যান্য দিকগুলো যেমন, তামাক নিয়ন্ত্রণ, মানসিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত সব বিষয়ে কাজ করা জরুরি। এসব নিয়ে কাজ করবে জাতীয় পার্টি এবং আসন্ন নির্বাচনী ইশতেহারে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা, সদস্য শাহরিয়ার হুসাইন, হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, আল তানভীর নেওয়াজ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পক্ষ থেকে রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, অ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডা. তাসনিম মেহবুবা বাঁধন ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদূত রহমান ইমন প্রমুখ।