চাহিদা বেড়েছে ১০ গুণ
মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৯:২২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৯:৪৮ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলি এলাকায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্যালাইনের চাহিদাও বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হঠাৎ করে ১০ থেকে ১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলি এলাকায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ’দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এ ছাড়া মানুষকেও সচেতন হতে হবে। কারণ এডিস মশার যাতে জন্ম না হয়, এজন্য বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’
তিনি আরও বলেন, ’ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই। পর্যাপ্ত কিট রয়েছে, যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয়, তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।’
বিএনপির উদ্দেশে জাহিদ মালেক বলেন, ’তারাও দেশে ক্ষমতায় ছিলেন, কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করেনি। তাদের লক্ষ্যই ছিল উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রামকে শহরে উন্নতি করার। আজ প্রতিটি গ্রামেই শহরের সব সুযোগ-সুবিধা আছে। যেসব জায়গায় কাঁচা রাস্তা ছিল, আজ সেখানে পাকা সড়ক হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ আছে, মানুষ নিরাপদে আছে। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে, দেশের মানুষ আর বোমা হামলা, আগুন-সন্ত্রাসের সঙ্গে নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আনন্দের সঙ্গে নৌকায় ভোট দেবে।’
পরে ঢাকুলী সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে জাগীর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।