প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২০:২৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২১:০৮ পিএম
পারিবারিক সহিংসতা আইন প্রণয়ন হলেও ব্যক্তি ও রাষ্ট্রের অনীহার কারণে ১৩ বছরেও আইনটি প্রায় অবাস্তবায়িত। এই আইন সম্পর্কে অনেকেই জানেন না। জানলেও দীর্ঘসূত্রতা, অপ্রস্তুত সমাজ, আইনি জটিলতা বুঝতে না পারা ও পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে আইনের সহযোগিতা নেন না ভুক্তভোগীরা।
বুধবার (৯ আগস্ট) ‘পারিবারিক সহিংসতা আইন-২০১০ : প্রায়োগিক প্রতিবন্ধকতা ও বাস্তবায়ন’-বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো প্রাক্টিস মাহীন সুলতান, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট প্রজ্ঞা মাহপারা।
বক্তব্য দেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সদস্য লুৎফুন্নেসা খান, প্ল্যানিংয়ের ডেপুটি পরিচালক আয়শা সিদ্দিকি, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, ঢাকা জজ কোর্টের আইনজীবী মশিউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার হুমাইরা পারভীন প্রমুখ।
এ সময় সাতটি সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো—আইনটিতে সুরক্ষা আদেশ আছে, তবে তা ভঙ্গ হলে প্রতিকারের বিষয়টি আনতে হবে; রাষ্ট্রীয় ব্যবস্থায় সুরক্ষা তহবিল গঠন ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে; ক্ষতিপূরণ আদেশের বিধিমালা সংস্কার করা; অনলাইনে জিডির বিষয় সব থানায় চালু করা; আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোসহ পুলিশ আইনজীবী, বিচারক ও কর্মীদের জেন্ডার সংবেদনশীলতা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যতিক্রমী আইন বলে ভুক্তভোগীদের জন্য বোঝা মুশকিল হয়ে যায়। এ ছাড়া পারিবারিক সহিংসতা আইনে ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হয়; যা অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ ছাড়া আইনে শারীরিক সহিংসতার কথা থাকলেও কোন ধরনের সহিংসতায় কী সাজা—তার কোনো স্পষ্টতা নেই। আইনজীবীদের ধারণায় সীমাবদ্ধতা আছে, বেশিরভাগ সময়ই নারী সংসার বাঁচাতে আপস করেন। পারিবারিক সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন—এ বোধের অভাব রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে মহিলা ও শিশু অধিদপ্তরের দায়িত্বরতরা জানান, ট্রান্সপোর্ট ও জনবল কাঠামোর অভাবে আইনটি নিয়ে সচেতনতা তৈরি করা যায়নি। মনিটরিং করাও কঠিন হয়ে পড়েছে।
লুৎফুন্নেসা খান বলেন, ’পারিবারিক সহিংসতা আইনে নারীদেরও এগিয়ে আসতে হবে। একটা সময় সংসারে অশান্তি ও নির্যাতনের পরও অনেকটা পথ এসে তারা মামলা উঠিয়ে নেয়। বলা হয়, এটি এনজিও আইন। এটা সরকারের আইন। জিও, এনজিও একসঙ্গে কাজ করে বাস্তবায়ন করবে। সরকার নারীর সমান সম্পত্তি দিতে চায়, কিন্তু ধর্মীয় গোষ্ঠীর চাপে তা পারে না। রাজনীতিও এখানে একটা প্রভাব বিস্তার করে আছে।‘
এ সময় তিনি বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করবেন বলে আশ্বাস দেন।
এমএম মাহমুদুল্লাহ বলেন, ’আমরা সঠিক জায়গায় যেতে সফল হইনি। যাদের জন্য আইন, তারা যদি গ্রহণ না করে তবে আইন হবে না। কাউন্সিলিং অনেক বড় বিষয়। এর জায়গায় মানসিক সাপোর্ট ও সাইকোসোশ্যাল এইড সাপোর্টের ব্যবস্থার কথা বলা যেতে পারে।’
জেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, ’সব আইনে নারী-পুরুষ আছেন। ট্রান্সজেন্ডারদের জন্য কিছু নেই। তারাও শিশুকাল থেকেই পারিবারিক নির্যাতনের স্বীকার হন। সেসব বিষয় নিয়েও ভাবতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, ’রাজনীতির সঙ্গে নারীর অধিকার জড়িত। বলা হয়, একজন মেয়ে যেন সম্পত্তি থেকে বঞ্চিত না হয়, আবার শরিয়াহ আইনও আছে। আইনে প্রটেকশন অর্ডার আছে, তা ভাঙলে করণীয় কী বলা নেই। ডিভোর্সের পর কোনো ছেলে মেয়েকে উত্ত্যক্ত করলে তার জন্য সেই মেয়ে কোথায় যাবে, তার উল্লেখ নেই। ম্যাজিস্ট্রেটের এত মামলা থাকে যে পারিবারিক মামলাগুলো তারা নিতে চায় না। তাই এই আইনের জন্য আলাদা কোর্ট করতে হবে।’
মসিউর রহমান বলেন, ’নারীদের যে মামলাই হোক, সবকিছুর জন্য যৌতুকের মামলা করা হয় অথবা পারিবারিক সহিংসতা আইনকে নারী ও শিশু নির্যাতন মামলায় দিয়ে দেওয়া হয়। এই জায়গাটা ঠিক করতে হবে। এ ছাড়া পাঠ্যবইয়ে বিষয়টি রাখলে ছেলেমেয়েরা বিষয়টা নিয়ে সচেতন হতে পারবে।’