× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা আছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২০:২৭ পিএম

ঢাকায় রয়েল থাই দূতাবাসে ৫৬তম আসিয়ান দিবস উদযাপন অনুষ্ঠানে  অতিথিরা। প্রবা ফটো

ঢাকায় রয়েল থাই দূতাবাসে ৫৬তম আসিয়ান দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে সম্পর্ক বাড়ানোর দিকে জোর দেন তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকায় রয়েল থাই দূতাবাসে ৫৬তম আসিয়ান দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আসিয়ান সদস্য দেশগুলোর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) প্রধান ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অওসান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবোলো বক্তব্য দেন।

আসিয়ানের সব সদস্য ও জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ’ব্যাপক বৈচিত্র্য, উন্নত সংস্কৃতি ও সীমাহীন ঐতিহাসিক তাৎপর্যের প্রতিনিধিত্ব করছে আসিয়ান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে আঞ্চলিক সহযোগিতা, শান্তি-স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি লালন করে আসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই জোট।’

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আসিয়ানের সামগ্রিক বাজারে তাৎপর্যপূর্ণ অনুকূল পরিবেশ রয়েছে। বস্ত্র, ওষুধ, তথ্যপ্রযুক্তি, কৃষি, সমুদ্র অর্থনীতি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজে বের করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

শান্তিপূর্ণ উপায় ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দূর করতে আসিয়ানের অঙ্গীকারের প্রশংসা করেন আব্দুল মোমেন। তিনি বলেন, ’দেশগুলোর মধ্যে ভালো বোঝাপাড়া ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ নিরসন করা সম্ভব।’

আসিয়ান কমিউনিটির মূল্যবোধ ও বৈশ্বিকভাবে এ জোটের গঠনমূলক ভূমিকাকে বাংলাদেশ গুরুত্ব দেয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব ও করোনা মহামারির মতো বৈশ্বিক প্রতিকূলতা মোকাবিলায় জোটের ঐক্য ও সংহতির প্রতিও জোর দেন তিনি।

আসিয়ানের দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জগুলো সমাধানে বহুপাক্ষিকতা ও আঞ্চলিকবাদকে জোরদার করতে আসিয়ানের কার্যকর ও জোরালো অঙ্গীকারের কথা স্বীকার করেন তিনি। সামগ্রিক লক্ষ্য অর্জনে আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ’পারস্পরিক মর্যাদা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না-গলানো ও ঐকমত্যের নীতিতে অটল থাকার ওপর নির্ভর করছে আসিয়ানের সফলতার ভিত্তি। বাংলাদেশও এই মূল্যবোধ লালন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও মর্যাদাপূর্ণ সম্পৃক্ততায় আমাদের নিজস্ব নীতি রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা