প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৪:৩৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৫:১৭ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক। ফোকাস বাংলা ফটো
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিলের নীতিগত অনুমোদন হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
নতুন যে সাইবার নিরাপত্তা আইন করা হবে সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হচ্ছে। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে। এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
দেওয়ানি মামলায় যেভাবে জরিমানার বিষয়গুলো আছে, সেভাবেই সাংবাদিকতার ক্ষেত্রে বিষয়গুলো থাকবে বলেও জানান আইনমন্ত্রী। যখন নতুন সাইবার নিরাপত্তা আইন হবে, তখন ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না।