প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ২৩:০৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১১:২২ এএম
কবি মোহাম্মদ রফিক। ফাইল ছবি
শক্তিমান কবি মোহাম্মদ রফিক আর নেই। রবিবার (৬ আগস্ট) রাত সোয়া ১০ টার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবির ছোট ভাই মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ রফিক বরিশালে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। রবিবার রাতে সেখান থেকে ঢাকায় ফেরার পথে রাজৈর উপজেলায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সেখানকার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবির বয়স হয়েছিল ৮০ বছর।
মোহাম্মদ তারেক রাতে জানান, কবিকে ঢাকা আনা হবে না। তার মরদেহ বাগেরহাটে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দাফনের ব্যবস্থা করা হবে।
মোহাম্মদ রফিকের জন্ম ২৩ অক্টোবর ১৯৪৩ সালে বাগেরহাটে। গত শতাব্দীর ষাটের দশকে তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। পাকিস্তান আমলের ছাত্র আন্দোলন এবং স্বাধীনতার পর আশি ও নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ জুগিয়ে তিনি বিখ্যাত হন। সামরিক শাসক ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের কবিতা লেখার প্রতিবাদে মোহাম্মদ রফিকের সাহসী উচ্চারণ সারা বাংলাদেশে চমক লাগিয়েছিল।
‘সব শালা কবি হবে, পিঁপড়ে গোঁ ধরেছে উড়বেই উড়বে।’- পঙক্তিটি ওই সময় সবার মুখে মুখে ফিরতো।
১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বৈশাখী পূর্ণিমা’ প্রকাশিত হয়। ১৯৭৬ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুলার সংসারে এই মাটি’।
কবির উল্লেখযোগ্য অন্য কাব্যগ্রন্থগুলো হলো- ‘কীর্তিনাশা’, ‘খোলা কবিতা ও কপিলা’, ‘গাওদিয়ায়’, ‘স্বদেশী নিশ্বাস তুমিময়’, ‘মেঘে এবং কাদায়’, ‘রূপকথা কিংবদন্তি’, ‘মৎস্য গন্ধ্যা’, ‘মাতি কিসকু’, ‘বিষখালি সন্ধ্যা’ , ‘নির্বাচিত কবিতা’, ‘কালাপানি’, ‘নোনাঝাউ’, ‘দোমাটির মুখ’, ‘ত্রয়ী’। আরও রয়েছে চমৎকার চিন্তাশীলতার অনবদ্য গদ্যের বই ‘আত্মরক্ষার প্রতিবেদন’, ‘ওগো বন্ধু ওগো পরবাসী’। এ ছাড়া প্রকাশিত হয়েছে মোহাম্মদ রফিক রচনাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড।
বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান মোহাম্মদ রফিক। এ ছাড়া আলাওল পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত করা হয়েছে তাকে।
শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন তিনি।
‘মৃত্যু তবে শেষ নয়, শুরু/আলোতেই হোক তবে অন্তিম উত্থান।’-নিজের এই কবিতার মতোই শুরু হলো কবি মোহাম্মদ রফিকের নতুন অধ্যায়।