× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ শ্রদ্ধায় সিক্ত

‘অসাম্প্রদায়িক দেশ গড়তে প্রেরণার বাতিঘর পান্না কায়সার’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৫:২১ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার শহীদজায়া পান্না কায়সারের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের মানুষ। প্রবা ফটো

কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার শহীদজায়া পান্না কায়সারের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের মানুষ। প্রবা ফটো

লেখক, শিশু সংগঠক, শহীদজায়া পান্না কায়সারের মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ বইছে। মৃত্যুর পর এই গুণী ব্যক্তির প্রতি রবিবার (৬ আগস্ট) শেষ শ্রদ্ধা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এ সময় তারা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য এবং দেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার স্বপ্নের সেই দেশ গড়ে তোলার জন্য আমরা– আমাদের পরবর্তী প্রজন্ম কাজ করে যাবে। এক্ষেত্রে পান্না কায়সার আমাদের প্রেরণার বাতিঘর হয়ে বেঁচে থাকবেন।’ 

রবিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক পান্না কায়সারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে ঢল নামে রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষের। শ্রদ্ধা নিবেদন করে পান্না কায়সারের প্রতি স্মৃতিচারণ করেন তারা। শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

প্রথমে শ্রদ্ধা জানায় পান্না কায়সারের সৃষ্ট শিশু-কিশোর সংগঠন খেলাঘর। কেন্দ্রীয় খেলাঘরের পক্ষে স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানোর পর মরদেহে খেলাঘরের পতাকা দিয়ে আবৃত করা হয়। এরপর খেলাঘরের বিভিন্ন শাখা শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি, ধানসিঁড়ি কমিউনিকেশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা থিয়েটার, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঘাতক দালাল নির্মূল কমিটি, সংস্কৃতি মঞ্চ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ, বাংলাদেশ গণ আজাদী লীগ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু লেখক পরিষদ, ছায়ানট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিশু একাডেমি, প্রজন্ম একাত্তরসহ আরও বহু সংগঠন ও ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলা আমাদের একটি বড় দায়িত্ব। পান্না কায়সার সেই দায়িত্ব সারাজীবন সুন্দরভাবে পালন করে গেছেন।’

শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার মতো একজন অমায়িক ও আদর্শবান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশকে, দেশের মানুষকে গড়তে সব সময় কাজ করে গেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তিনি সবার ভালোবাসা লাভ করতে সক্ষম হয়েছেন ব্যক্তিগত মূল্যবোধ ও গুণাবলির কারণে। তার অবদান রয়েছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রে পটভূমি তৈরি করতে পান্না কায়সার মুখ্য ভূমিকা পালন করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, সেটি হলো– নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয় এবং মহান মুক্তিযুদ্ধের মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ যাতে নতুন প্রজন্মের মাঝে সঞ্চারিত হয় সেজন্য তিনি খেলাঘর প্রতিষ্ঠানটি আমৃত্যু পরিচালনা করেছেন। খেলাঘরের মাধ্যমে সারা দেশের শিশুদের সম্পৃক্ত করে তাদের মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলিতে উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করেছেন।’

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘তিনি সাংস্কৃতিক অঙ্গনের এক পুরোধা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক চেতনার জন্য তিনি কাজ করে গেছেন। আমরা চাই তার আশার সেই বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ নির্মাণ করতে কাজ করেছেন। উনার চলে যাওয়া আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য, শুদ্ধ সংস্কৃতির জন্য একটি বড় অপূর্ণতা।’

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘১৯৭২ সালে প্রথম যখন রাজাকারদের বিচারের দাবিতে আন্দোলন করেছি, সেই আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। তার পুরো জীবনটাই মুক্তিযুদ্ধের চেতনার দেশ তৈরি করতে কাজ করে গেছেন। খেলাঘরের বন্ধুদের বলব, তোমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে না পারব ততদিন পান্না কায়সার আমাদের চেতনার বাতিঘর হয়ে থাকবে।’ 

চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন জীবন্ত ইতিহাস তিনি। বাংলাদেশকে বুকে ধারণ করে তিনি আজীবন কাটিয়ে দিয়েছেন। বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য তার বিশাল ত্যাগ। এই ত্যাগ আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব। তার জীবনের প্রত্যেকটি পরতে-পরতে বাংলাদেশকে ধারণ করে গেছেন। একজন মা চলে যাওয়ায় আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা