প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৪:৫২ পিএম
ফাইল ফটো
বিদায়ি জুলাই মাসে ৪৬টি ঘটনায় ৪১টি রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় ১২ হাজার ৭০২ জনকে অভিযুক্ত করা হয়।
অ্যাডভোকেট সুলতানা কামাল প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের জুলাই মাসের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও নিজস্ব সূত্র থেকে তথ্য নিয়ে জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ২ হাজার ১৭৪ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ১১৯ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এ মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ হাজার ৫২৮ জনকে।
৪১টি রাজনৈতিক মামলার মধ্যে ৩৭টি বিএনপির বিরুদ্ধে, দুটি জামায়াতের বিরুদ্ধে এবং দুটি মামলা করা হয়েছে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে যুক্তভাবে। এসব মামলায় পুলিশ ১ হাজার ৩৬৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১০৭ জন বিএনপির ও ৯১ জন জামায়াতে ইসলামীর কর্মী। ১৬৩ জনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে বিএনপির ১৩ কর্মীকে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির দাবি, ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় ভবঘুরে, অভ্যাসগত ইত্যাদি অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। কিন্তু পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা রয়েছে। রাজনৈতিক কর্মীদের ভবঘুরে হিসেবে গ্রেপ্তার এক নতুন আলামত।
এমএসএফ জানায়, এই মাসে সহিংসতার শিকার হয়েছেন ৭৬৯ জন।
হুমকির শিকার ১২ সাংবাদিক
এমএসএফ আরও জানিয়েছে, স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের সময় এ মাসে অন্তত ১২ সাংবাদিক নানাভাবে হুমকি, নিপীড়ন, হয়রানি, নির্যাতনের শিকার হয়েছেন, যা মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। শারীরিকভাবে আক্রমণ, হয়রানি, হুমকি ও লাঞ্ছিত করা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং এতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া জুলাই মাসে সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র ছিল উদ্বেগজনক।