প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ০০:২২ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ০০:৩৭ এএম
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য আট মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১ আগস্ট) থেকে ফের ঢাকা-নারায়ণঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। এদিন ভোর ৫টায় প্রথম ট্রেনটি চলবে। প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জের মধ্যে ১৬ বার ট্রেন যাতায়াত করবে।
নারায়ণগঞ্জের রুটের ট্রেনটি লোকাল ট্রেন হিসেবে চলাচল করলেও মঙ্গলবার থেকে তা কমিউটার ট্রেন হিসেবে চলাচল করবে।
সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৪ ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা-গেন্ডারিয়া সেকশনে নবনির্মিত ডুয়েলগেজ লাইন (২ লাইন) যাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করায় বন্ধ থাকা ট্রেন পুনরায় চালু করা প্রয়োজন। বন্ধ থাকা ট্রেনের ২টি রেকের মধ্যে বর্তমানে ১টি রেক প্রস্তুত করা হয়েছে। ১টি রেক দিয়ে ৮ জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করা হবে।
রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক-ট্রান্সপোর্ট) মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক আদেশ হতে জানা যায়, এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে ট্রেনের প্রথম যাত্রা ৫টায় আর নারায়ণগঞ্জ পৌঁছাবে ৫টা ৪৫ মিনিটে। আর সর্বশেষ ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসবে ৯টা ৩৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে ১০ টা ২০ মিনিটে।