বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সহিংসতা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৯:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৯:৫৭ পিএম
প্রবা ফটো
রাজধানীর প্রবেশপথে শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা ১৫টি মামলার তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ জুলাই) সংশ্লিষ্ট থানা থেকে ডিবি পুলিশের কাছে মামলাগুলোর ডকেট বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করা আসামি রয়েছেন পাঁচ শতাধিক। এ ছাড়া বিএনপির বহু নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ডিএমপি কমিশনারের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপি কর্মীরা সড়কে অবস্থান করেন। এ সময় তারা বাসে অগ্নিসংযোগ, হাতবোমার বিস্ফোরণ ঘটানো, পুলিশের এপিসি ও গাড়ি ভাঙচুর করেন। পুলিশের গাড়ি ছাড়াও প্রাইভেট যানবাহন ভাঙচুর, সরকারি দায়িত্ব পালনে বাধাসহ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাস পোড়ানো, ভাঙচুর, বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম, বিমানবন্দর, দারুস সালাম, ডেমরা, বংশাল, কদমতলী, যাত্রাবাড়ী, শেরেবাংলানগর, মোহাম্মদপুর ও সূত্রাপুর থানায় করা মামলাগুলোর তদন্ত করবে ডিবি পুলিশ।
পুলিশ দাবি করেছে, শনিবার ১৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ১৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। অপর আসামিদের কারাগারে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শনিবার গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের এপিসি ভাঙচুরের চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। সোমবার মামলাগুলোর তদন্ত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবিকে মামলার কেস ডকেট বুঝিয়ে দেওয়া হয়েছে।’