বিএসআরএফ সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৭:১৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৭:৩৩ পিএম
বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রবা ফটো
ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ’চাকরিপ্রার্থীদের ভোগান্তি দূর করতে বিষয়টি সহজ করা হবে।’
রবিবার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
চাকরির আবেদনে সত্যায়নসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রজীবনে দেখেছি, চাকরির আবেদনে সত্যায়নের জন্য একটা সিল দিয়ে মেরে দিলেই হলো। তবে আমারটা অর্জিনাল আছে।’
তিনি বলেন, ’ডিজিটালাইজেশনের এই যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের এখন বিগ ডেটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। ভোটার আইডি কার্ডে সার্টিফিকেট, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, মেইন সার্টিফিকেটগুলোতে তা চলে আসবে। আপনি চাইলে অনেক ডেটা দেখে নিতে পারবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ’আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নম্বর থাকবে। সেই কোডটা দিলে চাকরির আবেদন অর্জিনাল কি না, আপনি দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা অল্প দিনের মধ্যেই ডিজিটাল বেজড হবে। স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।‘
ফরহাদ হোসেন বলেন, ’স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্টস বা সরকারব্যবস্থা সব ক্ষেত্রেই আমাদের ডিজিটালাইজেশনের বিষয়টি মাথার মধ্যে আছে। কিছু দিন পর সবই ডিজিটালাইজড হয়ে যাবে। তখন সত্যায়নের কোনো প্রয়োজন হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ’আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারও ভোগান্তি না থাকে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএসআরএফের সহসভাপতি এমএ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, ইবরাহীম মাহমুদ আকাশ, রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।