কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২১:৫৬ পিএম
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। সংগৃহীত ফটো
ছয় দিনের সফরে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। সোমবার (২৪ এপ্রিল) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সফরে মানবাধিকারসহ নানা বিষয়ে মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া অন্য অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।
মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিশেষ এই প্রতিনিধির কাজ হলো ইইউর মানবাধিকার নীতির কার্যকারিতা ও দৃশ্যমানতা বৃদ্ধি করা। বিশেষ প্রতিনিধির একটি বিস্তৃত, নমনীয় ম্যান্ডেট রয়েছে। বিশেষ প্রতিনিধি ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। গিলমোর ২০১১ থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন।
এর আগে ২৩ এপ্রিল ইইউর প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছে। ফলে তার এই সফরে রাজনৈতিক ও নির্বাচন ইস্যুতে আলোচনা হবে কি-না, তা নিয়ে কৌতূহল রয়েছে।