প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৬:২৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৯:৪০ পিএম
বিদ্যুৎ না থাকার কারণে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় মোমবাতি জ্বালিয়ে মণ্ডপ আলোকিত করার চেষ্টা। ছবি : ইন্দ্রজিৎ ঘোষ
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গোলযোগের কারণে দেশের চার বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ১ নম্বর সঞ্চালন লাইনের আওতায় থাকা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এ বিপর্যয় দেখা দিয়েছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
পিজিসিবির একজন প্রকৌশলীও প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টার পর চার বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিলেটের বিবিয়ানায় সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও সঠিকভাবে জানা যায়নি কোন উৎপাদন কেন্দ্র বা সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তা জানার চেষ্টা চলছে।
তবে সঞ্চালন লাইন-২-এর আওতায় যেসব এলাকা রয়েছে সেখানে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, ওই চার এলাকার বাইরে রাজশাহী, রংপুর, খুলনাসহ অন্যান্য এলাকায় কোনো সমস্যা হচ্ছে না।
প্রবা/টিকে/জেও