প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২৩:৫৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ০০:৪৭ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ফটো
শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ ঘোষণা দেবে।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে একচুলও এদিক সেদিক হবে না। আমরা সংবিধান মানি, গণতন্ত্র মানি, এটা সার্বভৌম দেশ। এখানে অন্য দেশের উপদেশ বা নির্দেশে কাজ হবে না। এখানকার সংবিধান অনুযায়ী যেভাবে সরকার পরিবর্তন হওয়ার বিধান আছে, সেভাবেই হবে।’
তিনি আরও বলেন, দেশের মানুষের মনে করে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। নৌকার বিকল্প শুধু নৌকাই। নৌকাকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে। নৌকা প্রতীকে জয়যুক্ত হয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত রাখবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মাহাবুব উল আলম হানিফ, সদ্য নির্বাচিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ।