প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২১:৪০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২১:৫৩ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ জুলাই) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।
এদিকে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসব কমিটি আগস্টের শেষ দিকে গঠন করা হবে।
তবে শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চাই। যতক্ষণ পর্যন্ত আপনি সময় না দেবেন আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে না বসবেন, যত প্রকার পুলিশি নির্যাতন করা হোক, রক্ত ঝরুক, আমরা রাজপথ ছেড়ে যাব না।’
বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে রবি ও সোমবার সারা দেশে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করা হয়। লাগাতার অবস্থানের একপর্যায়ে সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। রাতে আন্দোলনের লাগাম টানতে মঙ্গলবার করোনার শিখনঘাটতি রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতসহ পাঁচ দফা নির্দেশ দেয় মাউশি। এসব নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) মহররমের ছুটি থাকবে। রবিবার (২৩ জুলাই) থেকে নিয়মিত ক্লাস হবে। ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল।
ছুটি শুরুর আগের দিন বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচন হয় ডিসেম্বর নয়তো জানুয়ারির গোড়ায় হবে। তফসিল ঘোষণা হয়ে নির্বাচনী প্রচার ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হবে। কাজেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে। এখন সময় খুব কম। এজন্য গ্রীষ্মের ছুটি বাতিল করে শীতের ছুটি বাড়িয়ে দেব, যেটা ডিসেম্বরে হবে। আর গ্রীষ্মের ছুটিটা আর থাকছে না।