প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৯:৪১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৯:৪৯ পিএম
রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ও স্কাউটস ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। ছবি : সংগৃহীত
দেশে স্কাউটসের প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তিসহ সব আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তুলতে স্কাউটস নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, দেশকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটসদের কার্যকরী ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরি করতে স্কাউটিং কার্যক্রমের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
রবিবার (১৬ জুলাই) বঙ্গভবনে বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ও স্কাউটস ব্যাজ পরিয়ে দেন। এ ছাড়াও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ স্কার্ফ পরিয়ে দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটিংয়ের গোড়াপত্তন করেন, যা আজ সারা দেশে বিস্তৃত। দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্বের বিকাশের যাত্রা শুরু হতে পারে। প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় বিভিন্ন সংকটকালে স্কাউটসদের ভূমিকার প্রশংসা করে তিনি।
স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোন প্রয়োজনে নিজেদেরকে কাজে লাগাতে পারে, সে জন্য স্কাউটস নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন রাষ্ট্রপতি। সূত্র : বাসস