প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১২:০৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১২:৪৭ পিএম
সাংবাদিক তোয়াব খানকে গার্ড অব অনার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ছবি : প্রবা
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক বাংলার প্রয়াত সম্পাদক ও মুক্তিযোদ্ধা তোয়াব খানকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (৩ অক্টোবর) জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট জানান। এ সময় সর্বজনশ্রদ্ধেয় এই সাংবাদিকের মরদেহবাহী কফিটি জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।
শহীদ মিনারে তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক সচিব জি এম রাজিব আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।
এর আগে তোয়াব খানের প্রথম নামাজে জানাজা এদিন সকাল ১০টায় দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানান দৈনিক বাংলা ও নিউজবাংলার সংবাদকর্মীরা।
সেখান থেকে বর্ষীয়ান এই সাংবাদিকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
এরপর প্রবীণ সাংবাদিক তোয়াব খানের মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। রাখা হবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে নিজ বাসভবনে।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে এই সাংবাদিককে দাফন করা হবে বনানী কবরস্থানে।
প্রবা/এইচকে/জেও