প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৪:২৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম
ফাইল ছবি
আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এসএসসি ও সমমান পরীক্ষা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। করোনার ধাক্কা কাটিয়ে যথাসময়ে পরীক্ষা আয়োজনের পাশাপাশি ২০২৪ সালে অতীতের মতো সব বিষয়ে পরীক্ষা হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরে।
সোমবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে হবে। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ।
সাধারণত করোনার আগে ফেব্রুয়ারির প্রথম দিনই শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা। কিন্তু করোনার ধাক্কায় এলোমেলো হয় সিলেবাস। সর্বশেষ চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। আর তা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।