প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১১:১১ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১১:২৫ এএম
অসচ্ছল, অসুস্থ সাংবাদিকদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পত্রিকার মতো ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ জুলাই) অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংবাদপত্রে যারা কর্মরত সাংবাদিক, কর্মচারী বা প্রেসশ্রমিক রয়েছেন তাদের কল্যাণে আমরা ইতোমধ্যে একটা ওয়েজবোর্ড কার্যকর করেছি। যেহেতু এখানে বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের ওপর। তার পরও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে এবং এটা বাস্তবায়ন করা হবে। আর আপনাদের কল্যাণে গণমাধ্যমকর্মী আইন, চাকরির শর্তাবলি আইন সেটাও আমরা প্রণয়ন করে দেব।’
সাংবাদিকদের কল্যাণে তহবিল ও পরে ট্রাস্ট তৈরি করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিকরা অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনায় আহত হয়ে থাকে, আবার কেউ কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে পরিবারগুলো যেন একটা সহযোগিতা পায় সে কথা চিন্তা করে প্রথমে একটা কল্যাণ তহবিল করা হয়; তারপর একটা ট্রাস্টায়ন করে দিই। তহবিল করলে যে সেটা সব সময় থাকবে সেটা না, আবার কাজেও আসে না। ট্রাস্ট সুরক্ষা দেয়, সেটা মাথায় রেখেই এই ট্রাস্টায়ন করে, তারপর আমি সিড মানিটাও দিয়ে দিয়েছিলাম।’
তিনি বলেন, ‘তারপর আমাদের বেশকিছু টেলিভিশনের মালিক, পত্রিকার মালিক অনেকেই তো আছেন অর্থশালী-সম্পদশালী, তাদের বলেছিলাম কিছু টাকাপয়সা অনুদান দিতে। যাক সেখানেও পাওয়া গেছে, টাকাপয়সা বেড়েছে কিছুটা। তবে অনেকেই দেয়নি।’
এ সময় যারা অনুদান দেয়নি তাদের আবারও অনুদান দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিকদের আবাসনের জন্য কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, ‘এরই মধ্যে অনেককেই প্লট দেওয়া হয়েছে এবং অনেকে পেয়ে বিক্রিও করে দিয়েছে। কিন্তু এভাবে না দিয়ে সরকারিভাবে আমরা অনেক ফ্ল্যাটও তৈরি করে দিচ্ছি। প্রথমে অল্প কিছু টাকা জমা দিয়ে, কোনোটা ১৬ বছর আবার কোনোটা ২৬ বছর পর্যন্ত টাকা পরিশোধ করে সেটার মালিক হওয়া যায়। সেটা যদি সাংবাদিকরা চান, সেটা আমরা দিচ্ছি।’
এ ছাড়া কেউ যদি গ্রামে গিয়েও বাড়ি করতে চান তাহলে সরকার সহায়তা করবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।