প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৮:২৬ পিএম
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বা অগ্রগামী অনুসন্ধানী মিশন। তারা ১৫ দিনের সফরে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে তারা নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এজন্য সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে চান তারা। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী নির্বাচনের পর্যবেক্ষক দল বা পূর্ণাঙ্গ নির্বাচন মিশন পাঠাবে ইইউ।
অগ্রগামী অনুসন্ধানী মিশনের দুই সদস্য প্রথমে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। দ্বিতীয় ধাপে চারজনকে বহনকারী ফ্লাইটটি রবিবার (৯ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, ৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে ইইউ প্রতিনিধিদল। নির্বাচন কমিশনের আমন্ত্রণে তাদের এ সফর বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকায় ইইউর রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলির দপ্তর সূত্রে জানা যায়, রবিবার থেকেই সফররত প্রতিনিধিদলের কাজ শুরু করার কথা। তাদের মূল কাজ হলো আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ মিশন পাঠানোর পরিবেশ আছে কি না, তা খতিয়ে দেখা। ইইউ পর্যবেক্ষক টিম পাঠালে তাদের কর্মপরিধি কী হবে, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নির্বাচন কমিশন কতটা ‘ফ্যাসিলিটেড’ করবে তার আগাম মূল্যায়ন করা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ইইউর এই মিশনের সদস্যরা বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চান। বৈঠকের পর ইইউর সদর দপ্তরে প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়া হবে।
বাংলাদেশের গত দুই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিদেশি বেশ তৎপরতা দেখা যাচ্ছে। বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। চলতি মাসে দেশটির পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলও আসার কথা।