প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৬:৩৩ পিএম
সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়ন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর। প্রবা ফটো
এনআইডির ডেটাবেজ থেকে তথ্য ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পরিচয়ন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।
তিনি বলেন, ’এনআইডি সার্ভার সুরক্ষিত, এখান থেকে তথ্য ফাঁসের সুযোগ নেই। আমাদের সার্ভারে কোনো প্রকার তথ্য আসেনি, আবার যাওয়ার সুযোগও নেই।’
রবিবার (৯ জুলাই) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে একেএম হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যাবলির ওপরে কোনো রকমের থ্রেড আসেনি। আবার আমাদের সার্ভার থেকে কোনো রকম তথ্য যায়নি। তারপরেও এ বিষয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।’
এনআইডি মহাপরিচালক বলেন, ‘আমরা ওয়াসা ও বিদ্যুৎ বিল দিই। ওদের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কি না, খতিয়ে দেখছি। এখন পর্যন্ত আমাদের ডেটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনও অ্যাবনর্মাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি।’
ইসির সার্ভার সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। তারপরও সার্ভারের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করার জন্য আইসিটি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এনআইডি সার্ভার কোনো থ্রেডের মধ্যে নেই। এনআইডি একটা পৃথক সাইট। আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা তথ্য নেয়। এসব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে যে তারা কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে পারবে না। কাজেই তাদের কোটি কোটি ডেটা নেওয়ার কোনো সুযোগ নেই।’
এনআইডি সার্ভার পাবলিক প্রোপার্টি নয়, এটা নিজস্ব সম্পদ উল্লেখ করে একেএম হুমায়ূন কবীর বলেন, ‘এখানে কেউ কিছু লিখতে পারে না। এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টা পার্টনার সার্ভিস সিকিউরভাবে কাজ করছে। গতকাল নিউজ দেখার পর আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। এটা সমাধান করব যাতে করে নাগরিকসেবা ঝুঁকিপূর্ণ না হয়।’