প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩ ২০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ দায়িত্বে থাকবে বাংলাদেশ। চলমান ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে বৃহস্পতিবার (৬ জুলাই) নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
ইতালির রোমে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে ’এফএও’-এর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে। এফএও কাউন্সিলের সদস্যপদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমে বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।
ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।
এফএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। এর আগে বাংলাদেশ সংস্থাটির ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।