× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১২:৫৯ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৫:৩২ পিএম

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। ফাইল ছবি

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। ফাইল ছবি

সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক এবং একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই।

রাজধানীর একটি হাসপাতালে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। তিনি জানান, বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে তোয়াব খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তোয়াব খানকে আইসিইউ থেকে বের করে আনার পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী হাজেরা খান। ছবি: প্রবা


তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক কালবেলার সম্পাদক আবেদ খান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, অভিনেতা-নির্দেশক তারিক আনাম খান ও তার স্ত্রী অভিনেত্রী নিমা রহমান, আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসানসহ আরও অনেকে।
 
তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির খান সাংবাদিকদের জানান, তোয়াব খানের বড় মেয়ে তানিয়া খান আমেরিকা থেকে আজ (শনিবার) রওনা হবেন। তিনি দেশে ফেরার আগ পর্যন্ত মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে৷ 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, মেয়ে তানিয়া খান দেশে ফিরলে নাগরিক শ্রদ্ধাজলি নিবেদনের জন্য তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। সে সময় তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচার হয় ‘পিন্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান।

দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। এরপর নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন।

১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন তোয়াব খান। 


প্রবা/আরকে/জেও/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা