ঈদযাত্রা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৪:৪৮ পিএম
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ফেরার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বুধবার(২০ জুন) থেকে। ফিরতি যাত্রার সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
জানা গেছে, মোট ছয়দিন অনলাইনে টিকিট বিক্রয় হবে, যা বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। টিকিট বিক্রির সময় সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাইয়ের ফিরতি যাত্রার টিকিট ২১ জুন, ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি করা হবে।
ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।
সকাল ৮টায় একতা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, রুপসা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সাগড়দাড়ি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেসের টিকিট বিক্রি হবে। দুপুর ১২টায় সুবর্ণ এক্সপ্রেস, গোধূলি/প্রভাতী এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, জয়ন্তীকা এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেসের টিকিট বিক্রি হবে।