প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:১৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৮:৫৫ পিএম
আগারগাঁওয়ে কমিশন ভবন থেকে সিসি ক্যামেরায় বরিশাল ও খুলনা সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে দাঁড়িয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : আলী হোসেন মিন্টু
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ উৎসবমুখর ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, দিনভর দুই সিটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। খুলনা ও বরিশাল সিটির ভোটগ্রহণ শেষে সোমবার (১২ জুন) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
হাবিবুল আউয়াল বলেন, ‘আমার পর্যবেক্ষণ হলো, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল। তা ছাড়া ভোটগ্রহণ পরিস্থিতি সুন্দর ও সুচারু ছিল। এতে আমরা সন্তুষ্ট। সার্বিকভাবে ভোটগ্রহণ পরিবেশ বেশ সুশৃঙ্খল ও উৎসবমুখর ছিল।’
বরিশালে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করীমের ওপর হামলা করে রক্তাক্ত করার অভিযোগ এসেছে—তাহলে কী শান্তিপূর্ণ বলা যায়—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘রক্তাক্ত... এখন সবকিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা কিন্তু উনার রক্তক্ষরণ দেখিনি। শুনেছি উনাকে পেছন থেকে কেউ ঘুসি মেরেছে। উনার বক্তব্যও শুনেছি। উনি বলেছেন যে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে না। তাকে আক্রমণ করা হয়েছে। ওই ঘটনার পর ভোটগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে কি না, জানার জন্য সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছি। আমরা জেনেছি, ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়নি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়-দায়িত্ব নিরূপণ করার পর ইতোমধ্যে পুলিশ পদক্ষেপ নিয়েছে।’
কমিশনের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারব না। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি, শুনেছি হাতপাখার প্রার্থীকে সামান্য আঘাত করা হয়েছে। এতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তেজনা হয়তো এতক্ষণে পুরোপুরি প্রশমিত হয়নি। আমাদের এখান থেকে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী কোনো উচ্ছৃঙ্খলা যেন না হয়। কারণ ভোটের ফল ঘোষণার পরও অনেক সময় এ রকম ঘটনা ঘটে। তা মোকাবিলায় সে প্রস্তুতি আমাদের আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত আছে। এ ধরনের ঘটনা ঘটবে না।’
দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে সিইসি বলেন, ‘খুলনায় যতটুকু তথ্য পেয়েছি ৪২ থেকে ৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা। এটা চূড়ান্ত নয়, কমবেশি হতে পারে। সঠিক তথ্য এখনোই দিতে পারব না। বরিশালে আনুমানিক ৫০ শতাংশ ভোট পড়েছে। এর কমবেশি হতে পারে।’