× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলাকারীদের ছাড় দেওয়া হবে না : ইসি আহসান হাবিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৬:১০ পিএম

নির্বাচন কমিশন ভবনে কথা বলেন আহসান হাবিব। প্রবা ফটো

নির্বাচন কমিশন ভবনে কথা বলেন আহসান হাবিব। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপর যারা হামলা করেছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, যারা হামলা চালিয়েছে তাদের শাস্তি পেতেই হবে।

সোমবার (১২ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সিসি ক্যামেরায় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও বেলা বাড়ার সঙ্গে বরিশালে উত্তেজনা বাড়তে থাকে। দুপুরের দিকে অভিযোগ আসে হাতপাখা প্রতীকে মেয়রপ্রার্থী ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। তার দল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য কেএম শরীয়াতউল্লাহ জানান, ব‌রিশাল নগরীর চৌমাথা এলাকায় ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। তিনি ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। সেখান থেকে বেরিয়ে হাতেম আলী কলেজ চৌমাথার কাছে পৌঁছলে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক ফয়জুলের ওপর হামলা করে। এ সময় সঙ্গে থাকা তার কয়েকজন সমর্থকও আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন, ‘আকস্মিক ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনও কাঙ্ক্ষিত নয়। টেলিভিশন লাইভে সাংবাদিকরাই বলেছেন, এ ছাড়া সব সুন্দরভাবে চলছে। দেখে ভালো লাগল। আশ্বস্ত হলাম যে এভরিথিং ইজ ফাইন। হঠাৎ একজন প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে বলে আমরা জেনেছি। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে গ্রেপ্তার পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সবাইকে বলেছি।’

তিনি বলেন, ‘বর্তমানে বরিশালের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। প্রত্যেকটা কেন্দ্রে ভোটাররা সুন্দরভাবে ভোট দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা স্টেপস আর কাউন্টেড। সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি।’

ফয়জুল করীম চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের ছোট ভাই। ফয়জুলের ওপর হামলার অভিযোগের খবরে চরমোনাই পীরের সমর্থকরা বরিশাল সিটিতে প্রবেশের চেষ্টা করছে। এ প্রসঙ্গে ইসির ভূমিকা জানতে চাইলে আহসান হাবিব বলেন, ‘ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আর এমন কোনো পরিস্থিতি সেখানে নেই। র‍্যাব-পুলিশ সবাই আছে। যারা নদীর ওপার থেকে সিটিতে প্রবেশ করতে চেয়েছিল, তাদের ঠেকিয়ে দিয়েছে নৌপুলিশ।’

মোট কী পরিমাণ ভোট পড়তে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৪০ শতাংশের মতো।’ যদিও এ নির্বাচন কমিশনার সকালে জানিয়েছিলেন, ভোটার উপস্থিতি অনেক বেশি হবে। কোনো কোনো কেন্দ্রে এটা ৫০ শতাংশ হতে পারে।

সিসি ক্যামেরা কাজ করছে না অনেকে কেন্দ্রে, বিষয়টির কারণ জানতে চাইলে কমিশনার আহসান হাবিব বলেন, ‘ইন্টারনেটের ব্যান্ডউইথের কারণে লাইভ বিঘ্নিত হচ্ছে। তবে ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরা দুষ্কৃতিকারীদের জন্য হুমকি।বরিশালের টোটাল ভোটকেন্দ্রগুলো, বরিশাল শহর পুরোটাই প্রোটেক্টেড।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা