প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫১ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়াস উদ্দিন খান নামের এক যুদ্ধাপরাধী কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপুরে কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে থাকা যুদ্ধাপরাধী আসামি গিয়াস উদ্দিন খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন ছিলেন।
দুই দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিলে কারাগারে আনা হয়। এরপর আবার অসুস্থ হলে আজ তাকে ঢামেকে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত গিয়াস উদ্দিন খানের বাবার নাম মফিজ উদ্দিন খান। তার হাজতি নম্বর ১২১৫৯/১৯। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।