প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৫:১৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১৫:৫৩ পিএম
হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
নাগরিকদের সুবিধার জন্য ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ।
রবিবার (১১ জুন) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন।
তিনি জানান, হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এই অ্যাপের মাধ্যমে। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এখানে।
এমনকি জরুরি সাহায্যে বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশের প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর পাওয়া যাবে।
এ ছাড়াও মহাসড়কসংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বর থাকবে এই অ্যাপসে।
পরে দুপুরে ‘হ্যালো এইচপি’ অ্যাপসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সেতু বিভাগ) সচিব মো. মনজুর হোসেন।