প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ২২:১৭ পিএম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রবা ফটো
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস রবিবার। ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি। ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হন তৎকালীন সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। তাকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয়। মুক্তি পেয়েই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।
২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। ওই বছরই ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তার নেতৃত্বে মহাজোটের সরকার গঠিত হয়। সেই থেকে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন শেখ হাসিনা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে বিজয়ী হওয়ায় টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৮ সালে কারামুক্ত হওয়ার পরের বছর থেকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।