প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ২০:০৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১৩:৩৩ পিএম
ঈদুল আজহা উপলক্ষে ১ কোটি ৫১ হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেবে সরকার। ছবি সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম তথা ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১ কোটি ৫১ হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেবে সরকার। এসব চাল আগামী ২০ জুনের মধ্যে উত্তোলনসহ বিতরণ নিশ্চিত করতে হবে।
এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দ দিয়ে সম্প্রতি সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠানো হয়েছে। সেখানে এক লাখ ৫১৫ টন চাল বরাদ্দও দিয়েছে সরকার।
সারা দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ৬৪৯টি এবং ক, খ ও গ ক্যাটাগরির ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৫১ হাজার ৫০০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ড প্রতি ১০ কেজি হারে ১ লাখ ৫১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দের শর্তে বলা হয়েছে, এসব ভিজিএফ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা স্থানীয় সংসদ সদস্যদের অবহিত করবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের তথ্যনুযায়ী, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দ করা ভিজিএফ কার্ড সংখ্যা পুনর্বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, বরাদ্দের ব্যাপারে দুস্থ/অতিদরিদ্র ব্যক্তি/পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ/অতিদরিদ্রকে অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া এসব শর্তাবলির মধ্যে কমপক্ষে চারটি শর্ত পূরণ করে এমন ব্যক্তি/পরিবার, দুস্থ/অতিদরিদ্র বলে গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো, যে পরিবারের মালিকানায় কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই। দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল। মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই। স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়। যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই। পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারী। পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা। পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী। পরিবার কোনো ক্ষুদ্র ঋণপ্রাপ্ত। প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য, অর্থ সংকটে পড়েছে। যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার পায় না।