প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৯:৪৬ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ২০:১৫ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেছেন, ‘অখণ্ড ভারত’ বিষয়ে দিল্লি দূতাবাসকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। এ মানচিত্র গৌতম বুদ্ধের সময়েরও আগের। এটা রাজনৈতিক বিষয় নয়।
সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপপ্রচার নিয়ে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ায় আলম বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার তত বাড়বে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা ছয় কংগ্রেসম্যানের পাঠানো চিঠির বিষয়ে প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে জানতে যোগাযোগ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শাহরিয়ার আলম বলেন, ‘কোনো দেশের নীতির কাছে নতি স্বীকার করে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্তে যাবে না সরকার। বিদেশিদের কাছে ধরনা দিয়ে রাজনীতি করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষের ওপর নির্ভরশীল।’
বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশের কূটনীতিকরা দায়িত্বের বাইরে কোনো কার্যক্রমে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যদি কূটনৈতিক দায়িত্বের বাইরে কোনো কার্যক্রমে লিপ্ত হন, তাহলে তাদের ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের দিন সেখানে স্থাপিত ম্যুরালটিকে ‘অখণ্ড ভারত’ হিসেবে অভিহিত করেন সংসদীয়-বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার।