× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের মানুষের মঙ্গল কিসে তা জানি : বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৮:০২ পিএম

রবিবার চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা ফটো

রবিবার চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা ফটো

আওয়ামী লীগ সরকার ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট দিয়েছি এবং আমরা এই বাজেট বাস্তবায়ন করতে দৃঢ়-প্রতিজ্ঞ। আমরা এটি বাস্তবায়ন করতে পারি এবং আওয়ামী লীগ তা করতে পারে। কারণ সরকার এই সক্ষমতা আগেই দেখিয়েছে।’

রবিবার (৪ জুন) চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘অনেকেই (এই বাজেট নিয়ে) অনেক কথা বলবে, কিন্তু আমরা আওয়ামী লীগ দেশের ও দেশের মানুষের মঙ্গল কিসে তা জানি।’

শেখ হাসিনা বলেন, ’২০০৬ সালে বিএনপি শাসনামলে বাজেটের আকার ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। কিন্তু আমাদের সরকার ১ জুন ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে।’

তিনি বলেন, ’একদল লোক দেশে পর্যাপ্তসংখ্যক টেলিভিশন চ্যানেল থাকায় এর অপব্যবহার করছে। আওয়ামী সরকারই বেসরকারি খাতে যেগুলোর লাইসেন্স দিয়েছে। সরকার যাই করুক না কেন, তারা এসি রুমে বসে সরকারের সব কাজের সমালোচনা করে ও ত্রুটি খুঁজে বেড়ায়। তারা দেশের জনগণকে হতাশ করার জন্য বিদেশিদের সামনে বাংলাদেশের বিরুদ্ধে কিছু কথাও ছড়িয়ে দেয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কিন্তু তারা এ থেকে কী পায় আমি জানি না। তারা সম্ভবত কিছু হাদিয়া (টাকা) সংগ্রহ করে থাকতে পারে-আমি আসলে বলতে পারব না। তবে তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তৃপ্তি পায়।’

প্রতিবছর জাতীয় বাজেট পেশ করার পর সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না, যারা বলে তাদের সম্পর্কে তিনি বলেন, ‘সরকার বাস্তবায়নের মাধ্যমে তা করে দেখায়। আমি এ ধরনের লোকদের বলতে চাই- অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি গত বছর কী বলেছিলেন এবং আজকের বাংলাদেশ কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। অনুগ্রহ করে হিসাব করুন ও তুলনা করুন।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে প্রতিটি পণ্যের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস, খাদ্যসামগ্রী, গম, চিনি ও অন্যান্য যা কিছু আমদানি করছে, তার দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি করা হয়েছে; যা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। আমরা পরিস্থিতি সামাল দিতে কিছু উদ্যোগ নিয়েছি।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে রেল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। আধুনিক ও গতিশীল রেলসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকারে আসার পর আমরা আলাদা করে রেল মন্ত্রণালয় করেছি, যাতে মানুষ আরও বেশি সুবিধা পায়।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করেন, যা সপ্তাহে ছয় দিন এই রুটে চলাচল করবে। চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কারণ হলদিবাড়ি-চিলাহাটি রুটটি বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করার জন্য পুনরুজ্জীবিত করা হয়েছে। পণ্যবোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে চলছে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস।

মুখ্যসচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার ১৪ বছরে মোট ৭৪০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করেছে, ২৮০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করেছে এবং ১৩০৮ কিলোমিটার রেলপথ পুনঃস্থাপন করেছে।

এ সময়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ৬২৩টি নতুন যাত্রীবাহী গাড়ি ও ৫১৬টি পণ্যবাহী ওয়াগনসহ মোট ১১৪টি লোকোমোটিভ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ১৩০টি রেলওয়ে স্টেশনের সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণ করা হয়েছে। এখন যাত্রীদের চলাচলের জন্য ১৪২টি নতুন ট্রেন রয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা